বিচারকদের সততা ও দক্ষতার সঙ্গে ন্যায়বিচারে মনোনিবেশ ও দ্রুত মামলা নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচারপ্রার্থী মানুষদের আদালত প্রাঙ্গণ থেকে দ্রুত বাড়ি ফেরানোর লক্ষ্যে অধস্তন আদালতের বিচারকদের দিকনির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি। সারা দেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া অভিভাষণে এমন নির্দেশনা দেন তিনি। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে প্রধান বিচারপতির এ অভিভাষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
গতকাল আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, বিচারপ্রার্থী মানুষদের আদালত প্রাঙ্গণ থেকে দ্রুত বাড়ি ফেরানোর জন্য সব বিচারককে যথাযথভাবে বিচারকাজ পরিচালনা করার নির্দেশনা দেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে অধস্তন আদালতের ১২ জন বিচারক বক্তব্য দেন।