রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে শবনম শারমিন (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরায় চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার রাতে ওই বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আবদুল কুদ্দুস জানান, বড় মগবাজারের একটি বাড়ির পঞ্চমতলার এক বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে বাসাটি ভাড়া নেন শবনম। সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর ওই নারীর মৃত্যুর কারণ জানা যাবে।
ঝিনাইদহ সদর উপজেলার হারুন অর রশিদের মেয়ে শবনম। তার স্বামী সাইদুল এশিয়ান টিভির সাবেক সাংবাদিক। শবনম একটি অনলাইন নিউজপোর্টালে কাজ করতেন।