শ্রীলঙ্কায় এক বেলা না খেয়ে বা আধা পেটে দিনপাত করছে দেশটির ৭০ শতাংশ পরিবার। খাবার জোটাতে কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে স্কুল থেকে ঝরে পড়া অনেক শিশু। তৈরি হয়েছে পুষ্টিহীনতার ঝুঁকিও। অর্থনীতি চাঙ্গা করতে শ্রীলঙ্কা সরকারের বিভিন্ন পদক্ষেপের পরও উন্নতি হচ্ছে না পরিস্থিতির। এক প্রতিবেদনে এই দুর্দশার কথা জানিয়েছে শ্রীলঙ্কান দৈনিক কলম্বো টাইমস। স্কুলে গেলে মিলবে এক টুকরো মাংস, একটি ডিমের সঙ্গে একপ্লেট ভাত খাবারের তাগিদে ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বেশকিছু এলাকায়। শ্রীলঙ্কায় কর্মরত সমাজকর্মী মাইকেল ডেভিড জানান, সন্তানদের স্কুলে না পাঠিয়ে বাধ্য হয়েই কাজে পাঠাচ্ছেন বাবা-মায়েরা। যাতে নিজেদের খাবার নিজেরাই জোগাড় করতে পারে। এসব শিশুকে স্কুলে আনার জন্য খাবারের একটি প্যাকেজ সরবরাহ করা হচ্ছে।