নতুন বছরে কিম জং উনের সামরিক লক্ষ্যমাত্রা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নেতৃত্বে চলছে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন। এ সম্মেলনের দ্বিতীয় দিন নতুন বছরের সামরিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি । কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, কিম যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তাতে বোঝা যাচ্ছে, ২০২৩ সালেও একাধিকবার অস্ত্রের পরীক্ষা চালাবে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনে কিম জং উন কোরিয়া উপদ্বীপে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন। এ সময় কিম ২০২৩ সালে ‘শত্রুবিরোধী সংগ্রাম’ এবং আত্মরক্ষার বিষয়টি শক্তিশালীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। আত্মরক্ষা বলতে কিম কী বুঝিয়েছেন সে বিষয়টি পরিষ্কার করেনি উত্তর কোরিয়ার বার্তা সংস্থাটি। ধারণা করা হচ্ছে, আসছে নতুন বছরেও অস্ত্র কার্যক্রম অব্যাহত রাখা এবং সামরিক শক্তি বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিয়েছেন কিম। বিদায়ী বছর রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এখন যে ইঙ্গিত দিলেন তাতে বোঝা যাচ্ছে ২০২৩ সালেও কোরিয়া উপদ্বীপে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেখা যাবে।