ইউনাইটেড ছেড়ে রিয়ালে রোনালদোর ছেলে

বাবা ক্রিস্তিয়ানো রোনালদোর পথ অনুসরণ করলেন ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়র। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইউনাইটেডের একাডেমি ছেড়ে রোনালদোর ১২ বছর বয়সী ছেলে আবার রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দিয়েছেন।

ক্রিস্টিয়ানো জুনিয়রের রিয়াল মাদ্রিদে ফেরার বিষয়টি টুইট বার্তায় নিশ্চিত করেছেন স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর সাংবাদিক এদুয়ার্দো কোরনাহো।

চলতি মাসের শুরুতে রিয়াল মাদ্রিদের ট্রেনিং সুবিধা নিয়েছেন রোনালদো। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল কোনো ঘটনা আছে। তাহলে ছেলের জন্যই মাদ্রিদে গিয়েছিলেন তিনি!

রোনালদো রিয়ালে থাকার সময় স্প্যানিশ ক্লাবটির একাডেমিতেই খেলতেন তার ছেলে। শেষবার রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের হয়ে ২০ ম্যাচেই ৫০ গোল করেছিলেন। এরপর রোনালদো জুভেন্টাসে যোগ দিলে সেখানকার একাডেমিতে ছেলেকে ভর্তি করান।

জুভেন্তাসে তিন বছর কাটিয়ে ২০২১ সালে ইউনাইটেডে ফিরেছিলেন রোনালদো। ছেলেও ইংলিশ জায়ান্ট দলটির একাডেমিতে ভর্তি হন। বিশ্বকাপের মাঝে ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টানেন রোনালদো। এখন তিনি নতুন ঠিকানা বেছে নেওয়ার অপেক্ষায়।

গুঞ্জন রয়েছে, ৩৭ বছর বয়সী রোনালদোর নতুন গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরবের আল নাসর ক্লাব। তবে বাবার আগেই ছেলে নতুন ঠিকানা খুঁজে নিলেন।