মেট্রোরেল

৫০০, ১০০০ আর পুরনো নোটে কাটা যাবে না টিকিট

যেকোনো অঙ্কের নোট ব্যবহার করে কেনা যাবে না মেট্রোরেলের টিকিট। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জানান, টিকিট কাটার সময় ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে দেওয়া যাবে না। এ ছাড়া দেওয়া যাবে না পুরনো কোনো নোটও।

তিনি বলেন, ৫০০ ও ১০০০ টাকা ছাড়া প্রচলিত অন্য নোট দিয়ে টিকিট কাটতে হবে। আমরা মেশিনে এমন কমান্ড দিয়ে রেখেছি। তবে কেউ যদি ৫টি টিকিট কাটার জন্য মেশিনে টাকা দেন তাহলে তিনি ৫০০ টাকা দিতে পারবেন। টিকিট কাটার তিনটি মেশিনের একটিকে সেভাবে কমান্ড দিয়ে রাখা হবে। সেখান থেকে একাধিক টিকেট কাটতে হলে (মিনিমাম ৫টি) ৫০০ টাকা দিয়ে কাটা যাবে।

তিনি আরও বলেন, অনেকেই পুরনো টাকা এবং ৫০০ বা এক হাজার টাকার নোট দিয়ে টিকিট কেনার কারণে মেশিনের সমস্যা দেখা দেয়। আজ প্রথম দিন মেশিনের সমস্যা সম্পর্কে আমরা অবহিত হয়েছি। আমরা কাল থেকে এ বিষয়গুলো পর্যালোচনা করব। যারা ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে দিয়ে টিকিট পাননি তাদের টাকা এর মধ্যেই ফেরত দেওয়া হয়েছে।