কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। ম্যাচের পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে একের পর এক কটাক্ষে ভরিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। যা নিয়ে এবার মুখ খুললেন এমবাপ্পে।
লিগ ওয়ানে বুধবার রাতে স্ত্রাসবুরের মুখোমুখি হয়েছিল পিএসজি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় উপহার দেন এমবাপ্পে। ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সাফ জানিয়ে দেন, মার্তিনেজের উদযাপন নিয়ে অকারণে কথা বলে সময় নষ্ট করতে চান না তিনি।
এমবাপ্পে বলেন, ‘ভাল ফুটবলার হওয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি। ও (মার্তিনেজ) কী ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই সব ফালতু বিষয়ে অকারণে কথা বলে সময় নষ্ট করতে এবং শক্তিক্ষয় করতে চাই না।’
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার জয়োৎসবের অন্যতম উপলক্ষ ছিলেন কিলিয়ান এমবাপ্পে। একাধিকবার তাকে নিয়ে হাসিঠাট্টায় মেতেছেন মার্তিনেজ।
ফাইনালের পর ড্রেসিং রুমে ‘এমবাপ্পের জন্য এক মিনিটের নীরবতা’র পর বুয়েনস এইরেসে ফিরে ‘পুতুল এমবাপ্পে’ নিয়েও মজা করেছিলেন।
দৃষ্টিকটু সেই উদ্যাপনে আপত্তি জানিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) চিঠিও পাঠিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি ক্রীড়ামন্ত্রীও। এ ছাড়া মার্তিনেজের সমালোচনা করেছেন সাবেক ফুটবলারদের অনেকেও।