লুলার শপথ

ব্রাজিলের রাজধানীতে বন্দুক নিষিদ্ধ

আগামী ২ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার আগে রাজধানীতে সাধারণ মানুষদের বন্দুক নিয়ে বের হওয়া নিষিদ্ধ করেছে দেশটির আদালত। লুলার শপথের আগে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বামপন্থি এই রাজনীতিক এর আগেও ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি উগ্র ডানপন্থি জাইর বলসোনারোকে পরাজিত করেন। খুব সামান্য ব্যবধানে লুলা জয়লাভ করেন। এরপর রাজধানীতে বড়সড় দাঙ্গা দেখেছে ব্রাজিল। একের পর এক গাড়ি জ্বালিয়েছে বলসোনারোর সমর্থকরা। ফের যাতে তেমন ঘটনা না ঘটে, সে জন্যই সুপ্রিম কোর্টের এই নির্দেশ। এরই মধ্যে লুলার বাড়ির সামনে বোমা মারার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, লুলার শপথগ্রহণ অনুষ্ঠানেও গণ্ডগোলের আশঙ্কা আছে।