ঢাকার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি দোকানে বোমা ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে একটি ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বুধবার রাজধানীর রামপুরা থেকে তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডিবি বলছে, এই ডাকাতদলের প্রধান হাছান জমাদ্দার ওরফে লেংড়া হাছান। সে ২০০৮ সাল থেকে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি করে আসছিল। লেংড়া হাছান ভারতে বসে ডাকাতির পরিকল্পনা ও ছক তৈরি করত। এরপর তার সহযোগীদের নিয়ে ডাকাতির মিশন বাস্তবায়ন করত।
গ্রেপ্তাররা হলো মো. হাছান জমাদ্দার ওরফে লেংড়া হাছান (৩৪) এবং তার সহযোগী মো. আরিফ (২৬), মো. আইনুল হক ওরফে ভোলা (৪২), মো. সাইফুল ইসলাম মন্টু (৪৫), মো. আনসার আলী (৫০) ও মো. শাহীন (৩৫)। তাদের কাছ থেকে পিস্তল ও চাপাতিসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির ইউনিটপ্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘লেংড়া হাছান ভারতে বসে পরিকল্পনা করে দেশে এসে ডাকাতি করত। এরপর মালামাল ভাগাভাগি শেষে আবারও ভারতে পালিয়ে যেত। ২০১২ সালে চট্টগ্রামে একটি দোকানে ডাকাতি করতে গিয়ে গোলাগুলির সময়ে পায়ে গুলি লাগে হাছানের। তার বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।’ এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ‘লেংড়া হাছান ভারতে নাগরিক কার্ড করেছে। তার পাসপোর্ট ইমিগ্রেশন থেকে ব্লক করে রাখা। তাই সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে পালিয়ে যেত। একইভাবে আবার ফিরে আসত। তার আশ্রয়দাতাদের বিষয় খোঁজখবর নেওয়া হবে।’ এই চক্রটির ডাকাতির মালামাল পুরান ঢাকার তাঁতিবাজারের কিছু ব্যবসায়ী কিনে থাকে জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘আমরা অনেকের নাম পেয়েছি। তাদেরও আইনের আওতায় আনব।’