বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃত মেহেদী ইসলাম মুবিন (২৫) পাবনার সুজানগরের মো. মাহমুদুল ইসলামের ছেলে। তিনি রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, মেহেদীর মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এরপর থেকেই দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। এসব কারণে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

মেহেদীর বড় ভাই মাহিনুল ইসলাম মাহিন জানান, প্রায় সময় একাকী থাকতেন মেহেদী, কারও সঙ্গে মিশতেন না। বৃহস্পতিবার সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তার রুমে উঁকি দিয়ে দেখা যায়, রুমের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন।