আলিয়াকে রনবীরের প্রপোজ করার ছবি ফাঁস

আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একটি অদেখা ছবি আলিয়ার মা সোনি রাজদানের পোস্ট করা ভিডিও ক্লিপ দিয়ে হঠাৎ করেই সামনে এসেছে। ২০২২ সালের একটি লুকব্যাক শেয়ার করেন সোনি, যাতে ছিল আলিয়া-রণবীরের ছবিটা। যদিও পরে তা মুছে দেন আলিয়ার মা। যা আলিয়া-রণবীরের আফ্রিকা ভ্রমণের সময় তোলা, যখন অভিনেতা-প্রেমিক হাঁটু মুড়ে বসে প্রপোজ করছিলেন নিজের লেডি লাভকে।

ছবিটিতে আলিয়াকে প্রায় সজল চোখে ও অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। আর রণবীর কেনিয়ার মাটিতে এক হাঁটুর উপর বসে হাতে আংটির বাক্স ধরে আছেন। সোনির শেয়ার করা সেই পোস্টে আলিয়া-রণবীরের বিয়ের কিছু ছবিও ছিল। যেখানে মেহেন্দি থেকে গায়ে হলুদের ছবি ছিল। সোনি ক্যাপশনে লেখেন, ‘ফটো ডাম্প ২০২২... যে বছরের কিছু আনন্দের মুহূর্ত আমরা পিছনে ফেলে যাচ্ছি... এবং সবাইকে শুভ নববর্ষ!’

গত এপ্রিলে এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন আলিয়া ও রণবীর। এই দম্পতির বলিউডের ঘনিষ্ঠ বন্ধুরা এবং তাদের মা নীতু কাপুর এবং সোনি রাজদান-সহ তাদের পরিবার এতে যোগ দিয়েছিলেন। আলিয়া-রণবীরকে একত্রে বড় পর্দায় দেখা যায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’-তে। যা চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা ছবি।

আলিয়া তার আর রণবীরের মেয়ের জন্মের কথা সকলের সামনে এনেছিলেন ৬ নভেম্বর। ইনস্টাগ্রামে নতুন অতিথি আসার ঘোষণা করে শাবকের সঙ্গে একটি সিংহ এবং সিংহীর ছবি দেন। পরে জানান তারা মেয়ের নাম রেখেছেন রাহা।

আলিয়াকে এরপর করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে রণবীর সিং, ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির সঙ্গে দেখা যাবে। ২০২৩ সালের ২৪ এপ্রিল এই সিনেমার মুক্তি পাওয়ার কথা। সঙ্গে হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর কাজও করে ফেলেছেন রাহাকে নিয়ে প্রেগন্যান্ট থাকা অবস্থাতেই। নেটফ্লিক্সের এই ছবিতে অভিনয় করেছেন গ্যাল গ্যাডট এবং জেমি ডরনানের মতো তারকারাও।