পেলে লাখো মানুষের অনুপ্রেরণা: রোনালদো

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের বিদায়ে বার্তা দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সিআর সেভেন লিখেছেন, পেলে সব সময়ের জন্য এক উদাহরণের নাম।

বৃহস্পতিবার ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন পেলে। কিংবদন্তির বিদায়ে এখন শোকে কাতর পুরো ফুটবল দুনিয়া।

পেলেকে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো। লিখেছেন, ‘ব্রাজিলের সবার প্রতি আমার গভীর সমবেদনা, বিশেষ করে পেলের শোকাহত পরিবারের প্রতি। ফুটবলের চিরকালের রাজা পেলের বিদায়ে শুধু বিদায় বলাটাই যথেষ্ট নয় কারণ এই শোক পুরো ফুটবল বিশ্বের।’

রোনালদো আরও লিখেন, ‘পেলে লাখো মানুষের অনুপ্রেরণা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময়ের জন্য পেলে এক উদাহরণ। আমার প্রতি তিনি সবসময় যে স্নেহ ও ভালোবাসা দেখিয়েছেন, একই রকম করে আমিও তাকে গভীরভাবে শ্রদ্ধা করে এসেছি সবসময়। দূরত্ব কখনো বাধা হয়ে দাঁড়ায়নি।’

রোনালদোর কথায়, ‘পেলে কখনো হারিয়ে যাবেন না, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি চিরকাল থাকবেন।’