২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ১৩ জন

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একইসঙ্গে, টানা পঞ্চম দিনের মত কোভিডে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করে নতুন ১৩ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার কমে ০ দশমিক ৫৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ১ দশমিক ০৩ শতাংশ ছিল।

এর আগে, ২৫ ডিসেম্বর এক কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল। এরপর পাঁচ দিন কোভিডে মৃত্যুহীন থাকল বাংলাদেশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১০২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৩৯ জন রয়েছে।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় ৮৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন।

কোভিড শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে ৫ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া পাবনা ও সিলেটে দুজন করে এবং টাঙ্গাইল, রাজশাহী, জয়পুরহাট ও কক্সবাজারে একজন করে নতুন রোগী মিলেছে।