মমতাকে দেখে জয় শ্রীরাম স্লোগান

ভারতের সব থেকে দ্রুতগতিসম্পন্ন ট্রেন বন্দে ভারতের উদ্বোধন হলো গতকাল শুক্রবার। মায়ের মৃত্যুর কারণে কলকাতায় না এসে কলকাতার হাওড়া স্টেশনে এ ট্রেনের ভার্চুয়ালি উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে তিনি সেখানে পৌঁছানোর পরই বিজেপির কর্মী-সমর্থকরা দলীয় পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন। এতে ক্ষুব্ধ হন মমতা। এরপরই মমতা কার্যত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ না দিয়ে মঞ্চের পেছনের সারিতে বসে পড়েন। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, এরপর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মমতাকে অনুষ্ঠান মঞ্চে বসার আমন্ত্রণ জানালেও তাতে সায় দেননি মমতা। দর্শক আসন থেকেই দাঁড়িয়ে বক্তৃতা করেন মমতা। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, নিশীথ অধিকারী ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী প্রমুখ।