নারী লিগে কিংসের হ্যাটট্রিক শিরোপা

লিগ শিরোপা নিশ্চিতে দরকার ছিল জয় এমন সমীকরণের ম্যাচে কোনো ভুল করেনি বসুন্ধরা কিংস। নারী লিগের শেষ ম্যাচে বসুন্ধরা কিংস ২-০ গোলে আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছে। বসুন্ধরার হয়ে গোল দুটি করেন শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়র। অপরাজিত থেকেই লিগ চ্যাম্পিয়ন হলো কিংস।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুই দলের পয়েন্ট ছিল সমান ৩০। দু’দলই জিতেছিল নিজেদের সবগুলো ম্যাচ। তাই এ দুই দলের লিগের শেষ ম্যাচটি কার্যত হয়ে ওঠে ফাইনাল। জেতার পথে দুই দলেরই দরকার ছিল জয়। তবে কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে কিংসকে আটকে রাখে বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি। ম্যাচের ২৪ মিনিটের সময় গোলকিপার রূপনা চাকমা বাঁচান কিংসকে। আতাউরের আকলিমা বসুন্ধরার তিনজনকে কাটিয়ে বক্সে ঢুকে শট নেন। তা রুখে দেন রূপনা। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে কৃষ্ণার দূরপাল্লার শট ক্রসবারে লাগে। ৮২ মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান শিউলি আজিম। সাবিনার ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে, জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে কিংসের ব্যবধান বাড়ান শামসুন্নাহার সিনিয়র।

২৫ গোল করে এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা এআরবিসির আকলিমা খাতুন। একই ক্লাবের শাহিদা আক্তার রিপা হয়েছেন সেরা খেলোয়াড়।