থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো যাবে না স্পষ্ট নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারপরও রাজধানীর খুচরা ও পাইকারি দোকান থেকে শুরু করে ফুটপাত অলিগলিতে দেদারসে বিক্রি হচ্ছে ফানুস। প্রশ্ন উঠেছে, দেদারসে ফানুস বিক্রির বিষয়ে কতটুকু নজর রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? যে হারে ফানুস বিক্রি হচ্ছে তাতে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাতে ঢাকার আকাশে বিপুলপরিমাণ ফানুস উড়বে বলেই মনে হচ্ছে।
এখন পুলিশ কি করে, সেটাই দেখার।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ;এখা গেছে, পাইকারি-খুচরা দোকান থেকে শুরু করে অলিগলি ফুটপাতে বিক্রি হচ্ছে ফানুস। দরদাম করে ফানুস কিনে বাড়ি ফিরছেন শিশু-কিশোর, তরুণ-তরুণী এমনকি বয়স্করাও। ব্যবসায়ীরা জানান, বিপুলপরিমাণ ফানুস বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে আতশবাজিও।
জানা গেছে, একেকজন ৫০০, ৭০০ থেকে হাজার পিস ফানুস বিক্রি করেছেন। ফানুস ওড়ানো বৈধ না অবৈধ পুলিশ থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কি-না, এমন প্রশ্নে তারা বলছেন সরকার কি ব্যবস্থা নিয়েছে জানি না, পুলিশ বলেছে নিষিদ্ধ।
পুলিশ বলছে, ফানুস বিক্রির বিষয়টি তাদের নজরদারিতে ছিল এবং এখনও আছে। যারা করছে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে করছে।
থার্টি ফাস্ট নাইট নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জানাতে গিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, কোথাও আতশবাজি, পটকা ফোটানো বা ফানুস ওড়ানো যাবে না। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ, আগেও এই ফানুস নিয়ে দুর্ঘটনা ঘটেছে। এ জন্য নগরবাসীকে অনুরোধ করছি ফানুস না ওড়ানোর জন্য। যদি কেউ ওড়ায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।