বিপিএলের নবম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র ৫ দিন। একই সময়ে বিশ্বের অন্যান্য প্রান্তেও হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। যেখানে আছে অর্থের ঝনঝনানি। তাতে বিদেশী তারকা পাওয়া নিয়ে সংকটে বাংলাদেশের এই টুর্নামেন্টের দলগুলো। তার মাঝেও শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে টুর্নামেন্টের শুরু থেকেই তাদের সার্ভিস পাচ্ছে না দলটি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।
পাকিস্তানি দুই তারকা শাহীন ও রিজওয়ানের বিপিএলে অংশগ্রহণ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘এই মুহূর্তে তো পাকিস্তানের সিরিজ চলছে। যারা জাতীয় দলের হয়ে খেলছে, তাদেরকে শুরুতেই আমরা পাচ্ছি না। তাছাড়া ক্রিকেটারদেরও অনেক ম্যাচ আছে। আমরা আশা করছি সিরিজ শেষে সেগুলো শেষে এরপর হয়তো আসা শুরু করবে।’
টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। প্রথম ম্যাচে খেলবেন এমন বিদেশি ক্রিকেটাররা ৫ জানুয়ারির মধ্যে ঢাকায় চলে আসবেন বলে জানান সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘হয়তো ৪ তারিখে কিছু প্লেয়ার পাব। প্রথম ম্যাচে যারা খেলবে ৫ তারিখে তাদের পাব। আসলে যাওয়া আসার মধ্যেই থাকবে। প্রথম ম্যাচে আমাদের ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবী থাকছে। খুশদীল শাহ থাকছে, ফারুকী থাকছে, পাকিস্তানের আমির জামান।’
এছাড়া বিপিএলে বিদেশি ক্রিকেটার সংকট নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ভালো প্লেয়ার পাওয়ারাটা অনেক কঠিন। আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের অনেক অর্থ খরচ হচ্ছে, একটা প্লেয়ার দুইটা ম্যাচ খেলবে, আবার যাবে। আরেকটা নতুন প্লেয়ার আসবে। আসলে আমাদের বাজেট অনেক বেড়ে গেছে। (বিদেশি ক্রিকেটার) পাওয়াও যাচ্ছে না। চেষ্টা থাকবে, যেন চারটা প্লেয়ার সবসময় মাঠে নামে।’