সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সোমবার সুপ্রিমকোর্টের বিচারকাজ অর্ধদিবস বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
রোববার (১ জানুয়ারি) বিকেলে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজার আগে এ ঘোষণা দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চারবারের সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার কোর্টের দ্বিতীয়ার্ধে দুপুর ১টার পর বিচারকাজ বন্ধ থাকবে।
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজা আজ বিকেল সোয়া ৩টায় সম্পন্ন হয়েছে। তার দীর্ঘদিনের কর্মস্থল থেকে অশ্রুজলে তাকে চিরবিদায় জানিয়েছেন সহকর্মীরা।
জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের বিচারপতিগণ, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক আইনজীবীসহ শুভাকাঙ্ক্ষী স্বজনরা অংশগ্রহণ করেন।
জানাজার আগে খন্দকার মাহবুব হোসেনের জীবনী পাঠ করে শোনান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল।