মেসি-রোনালদো মুখোমুখি!

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দুজনে মিলে জিতেছেন ১২ ব্যালন ডি’অর। এ দুজনের মাঠের দৈরথ দেখে তৃপ্তি পেয়েছেন ফুটবল সমর্থকরা। দুজন সবশেষ মুখোমুখি হয়েছিলেন ২০২০ সালের ৮ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে। তখন মেসি ছিলেন বার্সেলোনায় আর রোনালদো জুভেন্তাসে। মেসি এখন আছেন পিএসজিতে। আর ইউরোপের সম্ভাব্য সবকিছু জয় করে রোনালদো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তবে কি মেসি ও রোনালদো দ্বৈরথ আর দেখা যাবে না ক্লাব ফুটবলে! সমর্থকরা আপাতত আশা থাকতে পারেন। আসছে ১৯ জানুয়ারিই মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো।

এই জানুয়ারিতে সৌদি আরবের মাটিতে একটি প্রীতিম্যাচ খেলবে পিএসজি। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কাসহ ইউরোপের বেশকিছু গণমাধ্যম বলছে তারিখটা ১৯ জানুয়ারি। সেই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ হবে আল হিলাল এবং আল নাসর ক্লাবের খেলোয়াড়দের নিয়ে গড়া যৌথ একাদশ। আর মেসি-নেইমার-এমবাপ্পেরা আছেন পিএসজিতে। তাই মেসি ও রোনালদোর দৈরথ আবারও দেখা যেতে পারে এ বছরের শুরুর মাসেই। ম্যাচটি হওয়ার কথা ছিল ২০২২ এর শুরুতে। তবে কভিড-১৯ এর কারণে সেই সময় ম্যাচটি হয়নি।

তবে মেসি ও রোনালদো মুখোমুখি হওয়ার আগে প্রশ্ন হচ্ছে রোনালদো আর নাসরের হয়ে প্রথম কবে ম্যাচ খেলবেন। ধারণা করা হচ্ছে, রোনালদো আল নাসরের হয়ে প্রথম মাঠে নামবেন ১৪ জানুয়ারি। সৌদি পেশাদার লিগের শীর্ষ দল আল নাসর খেলবে দ্বিতীয় স্থানের আল শাবাবের বিপক্ষে। দুদলের ব্যবধান মাত্র এক পয়েন্ট।

আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলে মেসি ও রোনালদো এখন পর্যন্ত ৩৬ বার একে অপরের বিপক্ষে খেলেছেন। তার মধ্যে মেসির দল জিতেছে ১৬ বার, রোনালদোর জয় ১১ বার। বাকি ৯ ম্যাচ ড্র হয়। একে অপরের মুখোমুখিতে মেসি গোল করেছেন ২২টি, রোনালদো ২১টি।