৭ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ গোপালগঞ্জ এবং খুলনা জেলার শীতকালীন প্রশিক্ষণ এলাকা গতকাল রবিবার পরিদর্শন করেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছে। অনন্য পেশাদারিত্ব প্রদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনী এই সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। শীতকালীন প্রশিক্ষণ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্বের পাশাপাশি রণকৌশলগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনীপ্রধান শীতবস্ত্র বিতরণের পর অসহায়, দুস্থ ও গরিব-দুঃখী মানুষের মধ্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ৭ পদাতিক ডিভিশন কর্র্তৃক পরিচালিত ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। এই মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সংক্রমিত চর্মরোগ, গর্ভবতী-প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা ও বিশেষ পরামর্শ প্রদান এবং বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়।