ট্রাকের চাকা বিস্ফোরণে মিরপুর কলেজের প্রভাষক নিহত

নারায়ণগঞ্জের চিটাগাং রোডে ট্রাকের চাকা বিস্ফোরণে মিরপুর কলেজের প্রভাষক জসিম উদ্দিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় আহত তার স্ত্রী জোবায়দা শারমিন (২৫) চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সুজন আহমেদ জানান, দুপুর ১২টার দিকে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় চলন্ত ট্রাকের চাকার বিস্ফোরণ হয়। এতে তারা দুজন আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। সেখান থেকে তাদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আহত জোবায়দা জানান, তাদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। বর্তমানে চিটাগাং রোডে থাকেন। তার স্বামী জসিম উদ্দিন মিরপুর কলেজের গণিত বিভাগের প্রভাষক। মিরপুর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তারা। চিটাগাং রোডে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করার সময় এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জসিমের পেটে গুরুতর আঘাত ছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে।