বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার (২ জানুয়ারি) এক শোকবার্তায় মেয়র শেখ তাপস বলেন, সুপরিকল্পিত নগরায়নে বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে স্থপতি মোবাশ্বের হোসেন অনবদ্য ভূমিকা রেখেছেন।
শোকবার্তায় তিনি আরও বলেন, স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশের স্থাপত্য শিল্পের পথিকৃৎ ছিলেন এবং তিনি অভিভাবকের ন্যায় স্থপতিদেরকে সবসময় সকল ঝড়-ঝঞ্ঝা থেকে আগলে রাখতেন। তিনি আমাদের জাতীয় সম্পদ ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। নিজ কর্মের মাঝে তিনি আমাদের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন।
শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত মোবাশ্বের হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।