চলতি অর্থবছরের ১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা হয়েছে ২৮ লাখ ৫১ হাজার। এতে আয় হয়েছে ৪ হাজার ১০০ কোটি টাকা
সোমবার (২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর সূত্র জানায়, বর্তমানে দেশে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) ব্যক্তি রয়েছেন। এবার রিটার্ন দাখিলের প্রবৃদ্ধির হার গত বছরের একই সময় হিসাবে ২৩ দশমিক ৯৮ শতাংশ। আর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯৬ শতাংশ।
গত বছর একই সময় পর্যন্ত রিটার্ন দাখিল করেছিলেন ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ করদাতা। যার বিপরীতে আয়কর এসেছিল ৩ হাজার ২৮১ কোটি টাকা।
এনবিআর জানায়, আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল গত ৩০ নভেম্বর। তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু ৩১ ডিসেম্বর সরকারি ছুটি হওয়ায় ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় পান করদাতারা। রিটার্ন দাখিলের সময় বৃদ্ধিতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৫০ হাজারের বেশি।