টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৫ কোটি ৬২ লাখ টাকা মূল্যমানের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ জানুয়ারি) ভোরে খারাংখালী সংলগ্ন নাফ নদীর তীর থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর এবং খারাংখালী বিওপি’র দুটি টহলদল ওই স্থানে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলে অবস্থান করে। ভোর ৪টার দিকে টহলদল একজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিকে টহলদল চ্যালেঞ্জ করে খুব দ্রুত তার দিকে অগ্রসর হয়। কিন্তু বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি নাফ নদীর দিকে দৌঁড় দেয় এবং রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফফোরা নামক দ্বীপের দিকে পালিয়ে যায়।

পরে টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে বাঁধা একটি পুঁটলা উদ্ধার করে। ওই পুঁটলার ভেতর হতে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ওই এলাকায় ব্যাপক অভিযান চালিয়েও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিকে সনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ (আইস) এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।