মৃদু শৈত্যপ্রবাহ

আরও ৭ দিন উত্তরে কুয়াশা বাড়বে

চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও সাত দিন স্থায়ী হবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ের মধ্যে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। উত্তরের জেলাগুলো— বিশেষ করে নদী অববাহিকায় বা তার আশপাশের এলাকাগুলো ঘন কুয়াশায় ঢাকা থাকবে।
রংপুর-রাজশাহী বিভাগ আরও ৩-৫ দিনের বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকবে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, ৮ জানুয়ারি পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে। তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। বিভিন্ন অঞ্চলের আকাশ থাকবে আংশিক মেঘলা। এ সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

অন্যদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া-জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলছেন, 'ঘন কুয়াশার বিস্তার উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিক হয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশের দিকে এগোচ্ছে। যা সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যার পর কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার অপর দিয়ে বাংলাদেশে ঢুকবে। যার প্রভাবে, মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজশাহী-রংপুর বিভাগের জেলাগুলোতে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা বেশি। বুধবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগসহ সারা দেশে একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা আছে। সকালে এবং রাতে মহাসড়কে দৃষ্টির পরিধি আরও কমে যাবে বলেও তিনি মনে করছেন।

চলতি সপ্তাহে ধানের বীজতলায় সেচ না দেওয়া এবং আলু ও অন্যান্য শীতকালীন ফসল পরিচর্চার ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চলার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।