বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরু থেকেই তারা ধারাবাহিক পারফর্ম করে আসছে। চ্যাম্পিয়নের স্বাদও পেয়েছে তিনবার। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ৬ জানুয়ারি থেকে। নবম আসরেও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা সাজিয়ে বসেছে চমকের পসরা। বড় সব তারকাদের আগেই তারা বাগিয়ে নিয়েছে। এবার দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে।
টি-টোয়েন্টির সাবেক এই নম্বর ওয়ান ব্যাটার আগেও খেলেছেন বিপিএলে, কুমিল্লার জার্সিতেই। তবে সেই আসরে তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল না, খেলেছেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে। মালানকে বিপিএলে পাওয়া যাবে শুরুতেই।
আগামী ৫ জানুয়ারি তিনি বাংলাদেশে পা রাখবেন। তাই আসরের শুরু থেকেই খেলতে পারবেন তিনি। এক ভিডিও বার্তায় মালান বলেন, ‘বিপিএল ২০২৩ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে মুখিয়ে আছি। খুব রোমাঞ্চকর একটা স্কোয়াড। টুর্নামেন্ট শুরুর জন্য তর সইছে না।’
চোটের কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি বিপিএল থেকে ছিটকে পড়ার কয়েক ঘণ্টার মাথায় মালানের অন্তর্ভুক্তির খবর জানিয়েছে দলটি।