তালেবানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামছে পাকিস্তান

সরকারের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণা করে পুনরায় পাকিস্তান জুড়ে হামলা শুরু করেছে দেশটির তালেবান গোষ্ঠী। এ পরিস্থিতিতে জঙ্গিদের বিরুদ্ধে দেশজুড়ে সামরিক অভিযানে সবুজসংকেত দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কমিটি গত সোমবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে আলাদা একটি সরকার গঠনের ঘোষণা করেছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)। এরপরই কমিটির বৈঠকে টিটিপিসহ জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, জঙ্গিদের সঙ্গে আলোচনা নয় বরং সামরিক অভিযান চালানো হবে। আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশ বরদাশত করা হবে না। পাশাপাশি, সীমান্ত এলাকায় শান্তি এবং সুরক্ষা বজায় রাখার ক্ষেত্রে আফগানিস্তানের তালেবান সরকারেরও বিশেষ ভূমিকা রয়েছে বলেও মনে করে কমিটি। জঙ্গি দমনে সামরিক অভিযান ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।