বাংলাদেশে বিমানবন্দর তৈরি ও পরিচালনা কাজে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত। একই সঙ্গে দেশটি বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, ভারতের নতুন গন্তব্যে ফ্লাইট চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সাক্ষাতে বিদ্যমান বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, ভারতীয় অর্থায়নে (লাইন অব ক্রেডিট) নতুন বিমানবন্দর তৈরি ও পরিচালন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন প্রণয় কুমার ভার্মা। সাক্ষাৎকালে দু’দেশের অ্যাভিয়েশন খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। দু’দেশের মধ্যে যোগাযোগ ত্বরান্বিত করার লক্ষ্যে আরও বেশি ফ্লাইট চালুর জন্য উভয় দেশের বিমান সংস্থাগুলোকে উৎসাহিত করতে আলোচনা হয়। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলের প্রধান প্রধান শহরের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন ভারতের রাষ্ট্রদূত। দু’দেশের সিভিল অ্যাভিয়েশন ট্রেনিং অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তাব করা হয়।