ফেইসবুকে ধর্ম অবমাননাকর মন্তব্য করার পর ৫৭ এর ২ ধারার মামলায় সিলেটে হিন্দু মহাজোট নেতা রাকেশ রায়কে (৪২) সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার আইসিটি আইনের ৫৭ ধারায় সিলেটের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এ রায় প্রদান করেন। রাকেশ রায় সিলেটের জকিগঞ্জ উপজেলার কেরাইয়া গ্রামের মৃত সুরেশ রায়ের ছেলে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মোস্তফা দিলওয়ার আল আজহার জানান, আটজন সাক্ষীর সাক্ষ্য প্রদানের পর মামলার শুনানি ও যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রাকেশ রায়কে সাত বছরের সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা প্রদান করেছে। রাকেশের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারায় মামলা করা হয়েছিল, যা বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে রূপান্তরিত হয়েছে।
তিনি আরও জানান, ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে মামলায় রাকেশ রায়কে ২০১৭ সালের ৭ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা করেন মাওলানা ফুযায়েল আহমদ।