মাদক নিয়ে বিরোধ যুবককে ছুরি মেরে হত্যা

কুমিল্লায় মাদকের ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে প্রাণ গেছে এক যুবকের। নিহত মাহবুব হোসেন মান্না (২৫) নামে ওই যুবক গত সোমবার রাতে আহত হন। তাকে রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গতকাল সকালে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় মান্নার। পুলিশ এ ঘটনায় আট তরুণকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, নগরীর টেলিগ্রাফ অফিস, গাংচর, লালা পুকুরপাড়, মোগলটুলী, চৌধুরীপাড়া এলাকার আধিপত্য এবং মাদক কারবার নিয়ে বিরোধ চলছিল কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে।

এর সূত্র ধরে ইতিপূর্বে বেশ কয়েক দফা সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। সোমবার রাতে মাদকের ভাগাভাগি নিয়ে অনিক গ্রুপের গ্যাংদের সঙ্গে কথা কাটাকাটি হয় মান্নার। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অন্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হাসান বলেন, নিহত মান্না একজন মাদক কারবারি। তার নামে মাদকসহ চারটি মামলা রয়েছে। সোমবার রাতে মাদক নিয়ে তাদের চার-পাঁচজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ছুরিকাঘাতে মান্না, জহিরসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে মান্নার অবস্থার অবনতি হলে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মান্নার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। আটকদের সংশ্লিষ্টতা পেলে গ্রেপ্তার দেখানো হবে।