চাকরি স্থায়ী করার দাবি

জাবিতে কর্মচারীদের অনশন অব্যাহত অসুস্থ ৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে আমরণ অনশনের দ্বিতীয় দিনে পাঁচজন কর্মচারীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন অস্থায়ী কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছিলেন তারা। এদিন দুপুর ১২টায় উপাচার্যের সঙ্গে আলোচনায় বসে কর্মচারীদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সেখানে চাকরি স্থায়ী করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে লিখিত আশ্বাস না পাওয়ায় অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

উপাচার্য অধ্যাপক নূরুল আলম সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনরত চতুর্থ শ্রেণির এই অস্থায়ী কর্মচারীরা নতুন হলগুলোতে আবেদন করলে আমরা সর্বোচ্চ বিবেচনা করব।’

রেজিস্ট্রার কার্যালয়ের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ৭ ও চতুর্থ শ্রেণির ১৪৯ জন কর্মচারী ‘দৈনিক মজুরি’ ভিত্তিতে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকায় তাদের নিয়োগ স্থায়ী করা সম্ভব হচ্ছে না।

গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি আবাসিক হল পরিদর্শনে গিয়ে অনশনরতদের সঙ্গে কথা বলেন ইউজিসি সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম। এ সময় তিনি আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।