অ্যাডিলেড ইন্টারন্যাশনাল টেনিসের শেষ ষোলোয় উঠলেন নোভাক জোকোভিচ। ৬-৩, ৬-২ ফলে হারালেন কনস্টান্ট লেসটিয়েনকে। নিজেই বললেন, অস্ট্রেলিয়ায় ফের পা রাখার পর থেকে সবকিছু ঘটেছে ইতিবাচক ভাবেই। তবে মেলবোর্নে কেমন অভ্যর্থনা পান, সেটা নিয়ে সংশয়ে এই তারকা।
গত বার অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয়নি জোকোভিচের। কোভিড টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ায় পা রাখার পরও সেখান থেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল তাকে। তবে এ বার অস্ট্রেলিয়ান ওপেন খেলতে বাধা নেই তার।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে খেলছেন অ্যাডিলেড ইন্টারন্যাশনালে। আগের বারের ঘটনার পরেও অস্ট্রেলিয়ার সরকার বা অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষের ওপর তার কোনো ক্ষোভ নেই বলেও জানিয়েছেন।
এমনিতে এ বার অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর থেকে সবকিছুই ইতিবাচক ভাবে ঘটছে। এখন দেখা যাক মেলবোর্নে কেমন অভ্যর্থনা পাই।
২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। গত বার জোকোভিচ না থাকায় অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রাফায়েল নাদাল।
মঙ্গলবার কনস্টান্ট লেসটিয়েনকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে জকোভিচ বলেন, ‘অবশ্যই মেলবোর্নের গ্র্যান্ড স্ল্যাম আলাদা। ওখানে তো প্রথম ম্যাচের সাত দিন আগেই পৌঁছে যাচ্ছি। এমনিতে এ বার অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর থেকে সবকিছুই ইতিবাচক ভাবে ঘটছে। এখন দেখা যাক মেলবোর্নে কেমন অভ্যর্থনা পাই।’