‘একটা যা তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরও বেটার ওয়েতে হয়।’- বিপিএল নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সাকিব আল হাসান। নিজে দায়িত্ব পেলে এই চিত্র এক থেকে দেড় মাসের মধ্যে বদলে দিতে পারবেন বলেও মন্তব্য তার।
গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড এক দিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) করেছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে। বুধবার সেই দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই সাকিব বিপিএল নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন।
আমাকে যদি সিইও’র দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না।
সাকিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ৬ জানুয়ারি শুরু বিপিএল আয়োজনে যদি সিইও হতেন তাহলে কী ভূমিকা রাখতেন? সাকিব এমন প্রশ্ন এড়িয়ে যাননি। বরং সরাসরিই বলেছেন, ‘আমাকে যদি সিইও’র দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না।’
সাকিব মজা করে একটি সিনেমার প্রসঙ্গ টেনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন না ১ দিনে অনেক কিছু করা সম্ভব যে করতে পারে। যে পারে সে সবসময়ই করতে পারে।’
চলতি মৌসুমে নতুন সিইও হলে আপনি কি করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এই মৌসুমের সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে। ফ্রি টাইমে বিপিএল হবে সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’