এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) ঢাকার অদূরে আশুলিয়ায় এইউবি'র সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল ১০টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শান্তির প্রতীক কবুতর এবং বিশ্ববিদ্যালয়ের নাম খচিত ফেস্টুনসহ বর্ণিল রঙের বেলুন উড়ানো হয়। এরপর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, সুধী সমাবেশ ও মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

মিজানুর রহমান ভূইয়ার সঞ্চালনায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এশিয়ান ইউনিভার্সিটির থিম সংগীত বাজানো হয়; যা এইউবি পরিবারের উপস্থিত সদস্যদের হৃদয় ছুঁয়ে যায়, তারা আবেগাপ্লুত হয় ও সুখ অনুভব করে।

প্রধান অতিথির বক্তব্যে এইউবি’র প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বয়স ২৬ বছর। তবে প্রস্তুতি চেষ্টা চলেছে ১০ বছর। তার আগে স্বপ্ন দেখার ১০ বছর। গ্রামের মানুষ ও আমজনতাকে উচ্চশিক্ষা না দিলে সোনারবাংলা গড়া যাবে না। মানুষ হবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য। মুক্তিযোদ্ধার সন্তানদের বিনামূল্যে পড়ানো হয়। এটি আমজনতার ইউনিভার্সিটি। নীতি-নৈতিকতার চর্চা হবে। এখানকার গ্রাজুয়েটরা শুধু প্রথাগত বিদ্যা শিখবে না। তারা জাতি ও সমাজের জন্য অবদান রাখবে। এখানে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিকতা শিখছে না; চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবার জন্য ব্যবহারিক জ্ঞানও অর্জন করছে। দ্রুতই বিশ্ববিদ্যালয়টি টিচিং ইউনিভার্সিটি থেকে রিসার্চ ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে।'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইউবি’র ভিসি প্রফেসর ড. শাহজাহান খান। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং তাকে এইউবি’র উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর গ্রাজুয়েটরা সারাবিশ্বে বাংলাদেশের ইতিবাচক ব্রান্ডিং করছে। বিশ্ববিদ্যালয়টি স্বল্প আয়ের পরিবারের সন্তানেদেরও বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণে কাজ করছে। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনগুলোর মধ্যে সবচেয়ে বড় এইউবি অ্যালামনাই।’

এছাড়াও বক্তব্য রাখেন বুয়েট’র সাবেক উপাচার্য প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম, এইউবি’র ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক, এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য মিসেস সালেহা সাদেক, এইউবি’র রেজিস্টার একেএম এনামুল হক প্রমূখ। এইউবি’র পরীক্ষা নিয়ন্ত্রকসহ সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অতিথিবৃন্দ, অভিভাবকমন্ডলী, শুভানুধ্যায়ী ও বর্তমান-সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।