ম্রোপাড়ায় হামলায় জড়িতদের বিচার দাবি ৪২ নাগরিকের

বান্দরবানের লামায় ম্রোপাড়ায় হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৪২ মানবাধিকার কর্মী ও বিশিষ্ট নাগরিক। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন সময়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের অভিযোগ উঠলেও প্রশাসন এ ব্যাপারে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, গত বছর ২৭ এপ্রিল রেঙয়েনপাড়া, জয় চন্দ্র কারবারিপাড়া ও রেঙয়েন কারবারিপাড়ায় জুমের বাগান পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় লামা রাবার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে অভিযোগ উঠলে ঘটনা তদন্তে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্থানীয় সরকারের উপপরিচালককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটি লিজ বাতিলসহ ৬ দফা সুপারিশ দিলেও তা কার্যকর করা হয়নি। এর মধ্যে ১ সেপ্টেম্বর ক্ষেত থেকে ২৫ মণের বেশি মিষ্টিকুমড়া লুট করে, ৬ সেপ্টেম্বর পানির একমাত্র উৎস পাহাড়ি ঝিড়ির পানিতে বিষ মেশানো, ২৪ সেপ্টেম্বর বাগানের ৩০০ কলাগাছ ধ্বংস এসব ঘটনায় সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি। সর্বশেষ গত ১ জানুয়ারি লামায় ম্রোদের ঘরে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্র্তৃপক্ষের বিরুদ্ধে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতিতে ৬ দফা দাবি জানানো হয়েছে। এগুলো হলোÑ আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ নিরাপত্তা বিধান; হামলাকারী ও তাদের মদদদানকারী পুলিশ ও অন্যদের চিহ্নিত করে কঠোর শাস্তি; দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে নিরপেক্ষ, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা; হামলার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত রাবার কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও তাদের সহায়তাকারী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সদস্যদের চিহ্নিত করে শাস্তি ও জবাবদিহি নিশ্চিত; ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা এবং রাবার কোম্পানির অবৈধ লিজ বাতিল।

বিবৃতি প্রদানকারী নাগরিকদের মধ্যে রয়েছেনÑ সুলতানা কামাল, ওয়াহিদউদ্দিন আহমেদ, খুশী কবির, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ড. আবুল বারকাত, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ড. ইফতেখারুজ্জামান, ড. হামিদা হোসেন, ড. আসিফ নজরুল, ড. মেঘনা গুহঠাকুরতা, অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত, ব্যারিস্টার সারা হোসেন, ড. শহিদুল আলম, শাহীন আনাম ও সৈয়দা রিজওয়ানা হাসান।

ঘটনাস্থলে যাচ্ছে মানবাধিকার কমিশন দল : ম্রো জাতিসত্তার মানুষের ওপর হামলা, বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণের সুপারিশ করতে সেখানে কমিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। গতকাল বুধবার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।