গোপালগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকায় গতকাল বুধবার গোপালগঞ্জের মানিকদহে ১১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, দেশগঠন ও যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

প্রশিক্ষণকালে সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে নিয়মিত দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী গোপালগঞ্জ অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। প্রশিক্ষণ এলাকায় নিম্ন আয়ের শীতার্ত মানুষের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।