মালিগামী শান্তিরক্ষীদের ব্রিফিং বিমানবাহিনী প্রধানের

বাংলাদেশ বিমানবাহিনী, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুসমা (গওঘটঝগঅ) মালিতে নিয়োজিত কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের প্রাক্কালে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। তিনি বিদেশের মাটিতে দায়িত্ব পালনকালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও তিনি তাদের জাতিসংঘ কর্তৃক নির্ধারিত বিভিন্ন নিয়মনীতি মেনে চলে বিদেশের মাটিতে অভূতপূর্ব নজির স্থাপন করার জন্য আহ্বান জানিয়েছেন।

পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।