শাহবাজ ও বিলাওয়ালের বিরুদ্ধে 'কঠিন পদক্ষেপ' নেবে টিটিপি!

পাকিস্তানের সশস্ত্র সংগঠন তেহরিক-ই তালেবান (টিটিপি) দেশটিরর শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে 'কঠিন পদক্ষেপ' গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। এ তালিকায় আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

টিটিপি বলছে, সংগঠনটির বিরুদ্ধে পাকিস্তান সরকারের 'যুদ্ধ' ঘোষণা এ হুমকির কারণ। টিটিপি পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। বুধবার (৪ জানুয়ারি) টিটিপির মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন কোনো পদক্ষেপ নেয়নি টিটিপি। যদি দল দুটি তাদের অবস্থানে অনড় থাকে, তাহলে দলগুলোর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টিটিপি দুই দল বলতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) বুঝিয়েছে। পিএমএল-এন এবং পিপিপি পাকিস্তানে বর্তমান জোট সরকারের প্রধান দুটি দল। পিএমএল-এনের প্রধান প্রধানমন্ত্রী শাহবাজ। আর পিপিপির নেতৃত্ব দিচ্ছেন বিলাওয়াল।

ক'দিন আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ঘোষণা দেয়, তারা পাকিস্তানে সন্ত্রাসবাদ নির্মূলে বিন্দুমাত্র ছাড় দেবে না। এরপরই টিটিপির কাছ থেকে হুমকির এল। টিটিপি বলছে, আমাদের লক্ষ্য হলো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তারা পশ্চিমাদের ইচ্ছায় দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

২০২২ সালে পাকিস্তানে অন্তত ১৫০টি হামলা চালিয়েছে টিটিপি। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। সম্প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে করা একটি অস্ত্রবিরতি চুক্তি থেকেও সরে আসে সংগছনটি। সংবাদসূত্র : আলজাজিরা