পোস্ট মুছে ফেললেন শিরিন শিলা, পরী বললেন 'অসত্য'

'অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।'

জনপ্রিয় অভিনয়শিল্পী শিরিন শিলা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব লিখে একটা পোস্ট দেন। সেই সাথে তিনি ভিডিওকলের কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়, তিনি পরী, রাজ ও রজ্যর সাথে কনভারসেশনে আছেন।

তার এই পোস্ট থেকে জানা যায়, রাজের ঘরে ফিরে গেছেন পরীমনি। তাদের মান-অভিমানের সমাপ্তি ঘটেছে।

ঘটনার সত্যাসত্য নিয়ে তখন কিছু জানা না গেলেও পরে যোগাযোগ করা হয় পরীমনির সঙ্গে। তিনি বিষয়টি সম্পূর্ণ অসত্য বলে দাবি করেন। আর ঘটনা যে সত্যিই অসত্য তা বোঝা যায় একটু পরেই- দেখা যায়, নিজের টাইমলাইন থেকে সেই পোস্ট মুছে ফেলেছেন শিরিন শিলা।

তবে পোস্ট মুছে ফেললেও সেই পোস্টের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশালে।