উসমান খাজা ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার ৪ উইকেটে ৪৭৫ রান করে দিন করে অজিরা। স্মিথ ১০৪ রানে আউট হলেও ১৯৫ রানে অপরাজিত আছেন খাজা। অর্থাৎ ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে তিনি। এখন পর্যন্ত ৩৬৮ বল খেলে ১৯টি চার ও ১টি ছয় মেরেছেন।
বৃষ্টির কারণে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন খেলা হয় ৪৭ ওভার। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৭ রান । খাজা ৫৪ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় উইকেটে স্মিথের সাথে ২০৯ রানের জুটি গড়েন খাজা। এই জুটিতেই সেঞ্চুরি করেন তারা। ৫৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি করেন খাজা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টানা তিন ইনিংসে সেঞ্চুরি পেলেন খাজা। গত বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে রাঙিয়েছিলেন টেস্টে ফেরার উপলক্ষ।
খাজা ছাড়া সিডনিতে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করতে পেরেছেন কেবল ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড ও ভারতের ভিভিএস লক্ষ্মণ। এখানে ৭ টেস্টে খাজার সেঞ্চুরির হয়ে গেল ৪টি। ব্যাটিং গড় এক শর ওপরে।
অন্যদিকে ৯২তম টেস্টে ৩০তম সেঞ্চুরি পূর্ণ করেছেন স্মিথ। এই ইনিংসের মাধ্যমে স্যার ডন ব্র্যাডম্যানের ৫২ টেস্টে ২৯ সেঞ্চুরি টপকে গেছেন স্মিথ।
সেঞ্চুরির পরই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বলে আউট হন স্মিথ। ১১ চার ও ২ ছক্কায় ১৯২ বলে ১০৪ রান করেন স্মিথ।
স্মিথের আউটের পর ট্রাভিস হেডের সাথে ১১২ রানের জুটি গড়েন খাজা। জুটিতে মারমুখী মেজাজে ৫৯ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করে আউট হন হেড। ম্যাট রেনশকে নিয়ে দিনের খেলা শেষ করেছেন খাজা।
দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নরকিয়া সর্বাধিক ২ উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন পেসার কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ।