বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে এরই মধ্যে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। সেখানে বন্ধু ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে পুনর্মিলন হয়েছে তার। কেমন ছিল বিশ্বকাপ শেষে মেসি-নেইমারের প্রথম সাক্ষাতের সেই মুহূর্ত?
বিশ্বজয়ের পরে মেসি বুধবার দলের অনুশীলনে যোগ দেন। বন্ধু মেসিকে দেখে জড়িয়ে ধরেন নেইমার। জিজ্ঞাসা করেন, ‘কেমন আছ বিশ্ব চ্যাম্পিয়ন?’ তার পরেই নেইমার এগিয়ে এসে জড়িয়ে ধরেন মেসিকে।
অনুশীলনে আর্জেন্টিনার মহাতারকাকে গার্ড অফ অনার জানানো হয়। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস বিশ্বজয়ী মেসির হাতে একটি ছোট ট্রফি তুলে দেন।
সতীর্থদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর পিএসজি টিভিকে মেসি বলেন, ‘এখানে ফিরে আমি খুশি। ক্লাবের সমস্ত কর্মী, সতীর্থরা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন তাতে আমি অভিভূত। আসন্ন ম্যাচের জন্য আমি প্রস্তুত।’
কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। রুদ্ধশ্বাস সেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি যায় আর্জেন্টিনায়। ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটার দেখা পান মেসি।