সৌদি আরবে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট। তার নাম আসাদুল হক (২৫)। ভাটারা থানায় গত বছর ৫ নভেম্বর মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে এ পাচারকারীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী রনি প্রামাণিক।
গতকাল বৃহস্পতিবার সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভুক্তভোগী রনির মামাতো ভাই মালয়েশিয়াপ্রবাসী টুটুল। তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল আসামি আসাদুলের। রনিকে ভালো ভিসায় বিদেশে পাঠানোর আশ্বাস দেন আসাদুল। একপর্যায়ে সৌদি আরবে পাঠাতে ৭ লাখ টাকা দাবি করেন আসাদুল। বিকাশ ও নগদে ৭ লাখ টাকা পরিশোধ করেন রনি। কিন্তু আসাদুল ভিসা দেওয়ার কথা বলে বিভিন্নভাবে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন বলেও আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আসাদুল।