দেড় ঘণ্টা আগে জানা গেল, আধঘণ্টা আগে শুরু হবে বিপিএল

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিপিএলের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল দুপুর আড়াইটায়। টস হওয়ার কথা ছিল দুইটায়। তবে মাত্র দেড় ঘণ্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল, আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ।

অর্থাৎ বিপিএলের উদ্বোধনী ম্যাচ আড়াইটার বদলে শুরু হবে দুইটায়। দিনের দ্বিতীয় ম্যাচও এগিয়ে আনা হয়েছে। সোয়া সাতটার বদলে সাতটায় শুরু হবে ম্যাচটি।

গত ২৫ ডিসেম্বর বিপিএলের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করে বিসিবি। ওই সূচিতে জানানো হয়, শুক্রবার দিনের দুই ম্যাচ হবে দুপুর আড়াইটা ও সন্ধ্যা সোয়া ৭টায়। বাকি ছয় দিন ম্যাচ দুটি দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় শুরুর জন্য নির্ধারণ করা হয়।

এখন পরিবর্তিত সূচিতে শুক্রবার প্রথম ম্যাচ হবে দুপুর ২টায় ও পরেরটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। বাকি ছয় দিন দেড়টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরের ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।