যে কারণে দেরিতে শুরু হলো ঢাকা-খুলনার ম্যাচ

কুয়াশাচ্ছন্ন ঢাকায় আজ বিপিএলের দ্বিতীয় দিন। দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বেলা দেড়টায়। কিন্তু ঘন কুয়াশার কারণে ম্যাচটি আধাঘণ্টা পিছিয়ে দুপুর ২টায় নেওয়া হয়। এই ম্যাচ শুরুর আগে টস হয় খেলা শুরুর সময়ে।

টস জিতে ঢাকা ডমিনেটরস বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান করেছে খুলনা। ৭ রান করে আউট হয়েছেন শারজিল খান। ক্রিজে টিকে আছেন তামিম ইকবাল ও আজম খান।

শুক্রবার এমন সময়-বিভ্রাট দিয়েই শুরু হয়েছে বিপিএল। কাল সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের নতুন মৌসুম শুরু হয়। সে ম্যাচ শুরুর নির্ধারিত সময় ছিল বেলা আড়াইটায়।

সে হিসেবে দুই দলের অধিনায়ক টস করতে নামতেন বেলা ২টায়। কিন্তু তা না করে বেলা দেড়টায় টস করতে নামেন সিলেট ও চট্টগ্রাম অধিনায়ক। ম্যাচ শুরু হয় দুপুর ২টায়। নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগে।

আজ সকাল থেকেই শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশা ও ঠান্ডায় রাজধানী ঢাকা জবুথবু হয়ে আছে। সূর্যের দেখা মিলছে না। কাল দিনের প্রথম ম্যাচে জিতেছে সিলেট। পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারায় রংপুর রাইডার্স।