আলোর স্বল্পতায় কাটা যাচ্ছে ওভার, তাতে ঘুরে যাচ্ছে ম্যাচের মোড়। যা ভাবিয়ে তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ক্রিকেট-প্রযুক্তিকে তাই আরও এক ধাপ এগিয়ে নেওয়ার কথা চিন্তা করছে তারা। মাঠে আলো স্বল্পতা দেখা দিলেও খেলা চালানো যাবে, এমন বল তৈরি করতে চায় অস্ট্রেলিয়ানরা। সিডনি টেস্টের অভিজ্ঞতা থেকেই এই ভাবনা এসেছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, খেলোয়াড়দের পক্ষ থেকে এমন বল তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। টেস্ট ম্যাচে আলোর স্বল্পতার মধ্যে লাল বল দেখতে সমস্যা হয় ব্যাটসম্যান এবং ফিল্ডারদের। বেশি সমস্যা হয় ব্যাটসম্যানদের।
তাই আলো কম থাকলেও যেন টেস্টে দিনের খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়, এমন একটা ক্রিকেট বল তৈরির চেষ্টা করার কথা বলেছেন গ্রিনবার্গ। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাহায্য নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে সিএ আগ্রহ না দেখালে নিজেদের উদ্যোগে প্রকল্পটি হাতে নিতে চান গ্রিনবার্গ।
আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) হেরাল্ড ও এজকে গ্রিনবার্গ বলেছেন, ‘আমি তাদের (সিএ) সঙ্গে (বল তৈরি নিয়ে) কথা বলতে চাই। কী করা যায়, তা ভাবতে হবে। কাদের সঙ্গে এ নিয়ে কাজ করব, কীভাবে কাজ করব—এসব নিয়ে কথা বলতে হবে। কারণ, আইসিসি এসব নিয়ে কিছু করছে না। ক্রিকেটে এসব নিয়ে কেউ কাজ করছে না, তাই জায়গাটায় শূন্যতা বিরাজ করছে। কাউকে না কাউকে তো এটা করতে হবে। তাই আমরা এটা করতে চাই।’