বিপিএলের নবম আসরের নবাগত দল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে টুর্নামেন্টে তাদের অভিষেক হয়েছে জয় দিয়ে। তাই পরের দিন দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে নেতৃত্বে বদল আনার কোনো কারণ থাকে না। তবুও এক ম্যাচ পরেই মাশরাফীর হাত থেকে নেতৃত্ব চলে গেছে মুশফিকুর রহিমের হাতে। ফরচুন বরিশালের বিপক্ষে মুশফিককেই দেখা গেছে সিলেটের হয়ে টস করতে।
একদিনের ব্যবধানে দুই ম্যাচ খেলতে নামা সিলেটের অধিনায়ক বদল চমকই জাগিয়েছে। টসের সময় মুশফিককে অধিনায়কের ভূমিকায় দেখে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কি কারণে সিলেট স্ট্রাইকার্সের এমন নেতৃত্বে বদল আনা হলো?
এই বিষয়ে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়, চোটাক্রান্ত ক্যারিয়ারের ৭ অস্ত্রোপচারের পায়ে বেল্ট-ব্যান্ডেজ বাঁধতে গিয়ে সময় চলে যায় অনেক। টসের সময় হয়ে যাওয়ায় মুশফিককে তাই অধিনায়কের ভূমিকায় পাঠানো হয়েছে।
সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান বলেন, ‘পায়ে বেল্ট-ব্যান্ডেজ বাঁধতে গিয়ে টসের সময় হয়ে যায়। তাই তড়িঘড়ি করে মুশফিকুর রহিমকে অধিনায়ক হিসেবে পাঠানো হয়।’