‘আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়’ এই থিম নিয়ে গতকাল শনিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘বাঙলা সম্মিলন’। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৫শ প্রাক্তন শিক্ষার্থী হাতড়ে বেড়িয়েছে ক্যাম্পাসের স্মৃতি। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে বুকে জড়িয়ে জানতে চেয়েছে বন্ধু কেমন আছিস...।
প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি এবার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঙলা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও অংশ নিয়েছিল পুনর্মিলনী অনুষ্ঠানে। এক কাতারে একাকার হয়ে গিয়েছিল নবীন-প্রবীণ সবাই। দলে দলে বসে মেতে উঠেছিল আড্ডায়। ক্যাম্পাসের ঝুপড়ি, বাঙলা বিভাগের ক্লাসরুম, লাইব্রেরি, কলা ভবনের করিডরসহ বিভিন্ন জায়গায় গিয়ে পুরনো স্মৃতি খুঁজে ফেরেন তারা।
বাঙলা বিভাগের প্রাক্তন ছাত্রী ও চবি ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার বেলা ১১টায় জারুলতলায় অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে ঢোলের তালে তালে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি। অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আকতার বলেছেন, বাঙলা বিভাগ বিশ^বিদ্যালয়ের একটি সমৃদ্ধ বিভাগ। এ বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্ব-স্ব অবস্থানে কৃতিত্বের স্বাক্ষর রেখে সুনাম কুড়াচ্ছে। আগের তুলনায় অনেক বেশি শিক্ষার্থী বাঙলা বিভাগে ভর্তি হচ্ছে। এ বিভাগকে আমি আরও উন্নত করতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাঙলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ভিসি অধ্যাপক শিরীণ আখতার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত তিন প্রাক্তন শিক্ষার্থী কবি বিমল গূহ, কবি আসাদ মান্নান ও কবি বিশ্বজিত চৌধুরীকে বাঙলা সম্মিলনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
বাঙলা সম্মিলনের সভাপতি কবি অভিক ওসমান দেশ রূপান্তরকে বলেন, এই নিয়ে আমরা পাঁচবার বাঙলা সম্মিলনের আয়োজন করেছি। বোঝা যাচ্ছে, প্রাক্তনদের কাছে দিন দিন এর আবেদন বাড়ছে। এ আয়োজন বাঙলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে।
বাঙলা বিভাগের প্রাক্তন ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা দেশ রূপান্তরকে বলেন, এই ক্যাম্পাসে আমাদের অনেক স্মৃতি জড়িত।
দীর্ঘ ৭ বছর ক্যাম্পাসের সবুজ ঘাসে হেঁটেছি। বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি। পরীক্ষার নোট তৈরির জন্য লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি। কলা ভবনের দোতলায় বাঙলা বিভাগের সামনে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ক্লাসরুম আমাকে এখনো টানে।
শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙলা সম্মিলনের সভাপতি কবি অভিক ওসমান। কার্যকরী সভাপতি কবি বিশ্বজিত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক বেন কুমার দে, অধ্যাপক মহিবুল আজিজ, অধ্যাপক নুরুল আমিন, বাঙলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তসলিমা বেগম ও লে. কর্নেল (অব.) মাহমুদ উল আলম। বাঙলা সম্মিলনের সাধারণ সম্পাদক কবি জিন্নাহ চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বিকেলে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ। এতে প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকেই বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র’র মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।