পরিবেশ আন্দোলন আরও জোরদারের আহ্বান জানিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। ‘পদ্মা নদীকে বাঁচালে বাঁচবে রাজশাহী, পরিবেশ যোদ্ধা যদি আপনি হন, প্লাস্টিক করুন প্রত্যাখ্যান’ এই প্রতিপাদ্যে বক্তারা নদী রক্ষা ও প্রকৃতির প্রতি সহনশীল হওয়ারও আহ্বান জানান। বক্তারা বলেন, ‘উন্নয়ন হতে হবে, তা পরিবেশ ধ্বংস করে নয়। পরিবেশ ও প্রকৃতিকে বাঁচিয়েই উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।’
গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার রাজশাহী জেলা সভাপতি জামাত খান। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বাপা প্রতিনিধি ও পরিবেশবিদরা বক্তব্য রাখেন।
সম্মেলনের শুরুতে প্রধান অতিথি রাবি ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার রাজশাহী পরিবেশ আন্দোলন কমিটির নাম ঘোষণা করেন। এতে মো. জামাত খানকে সভাপতি ও ড. হেমায়েতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮০ সদস্যের বাপা রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়।