মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে কামাল মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল মাতুব্বর সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামের সলেমান মাতুব্বরের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান লাভলু তালুকদার ও সাবেক চেয়ারম্যান মজিবর খানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এ সময় লাভলু তালুকদারের সমর্থক কামালকে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান লাভলু তালুকদার এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। আর সাবেক চেয়ারম্যান মজিবর খানের মোবাইল ফোনে কল করে তা বন্ধ পাওয়া গেছে।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত কামাল মাতুব্বরের পরিবার থেকে মামলা দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।