বিস্ফোরক দ্রব্য মজুদ, পুলিশের ওপর হামলার উসকানি ও নির্দেশ দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে দেওয়া হাইকোর্টের জামিন টিকবে কি না, সে বিষয়ে শুনানি হবে আজ রবিবার।
আজ রবিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
ঢাকায় গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা-উত্তেজনার মধ্যে ৭ ডিসেম্বর নয়াপল্টনে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হয়।
পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে, এমন অভিযোগ তুলে কার্যালয়ের ভেতর অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ কয়েক শ নেতাকর্মীকে। সেদিন ফখরুলকে গ্রেপ্তার না করলেও পরদিন রাতে বাড়ি থেকে তাঁকে আটক করা হয়, একই রাতে আটক করা হয় মির্জা আব্বাসকেও। পরদিন ৯ ডিসেম্বর পুলিশের ওপর হামলা ও উসকানি দেওয়ার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় আদালতে।
গত ৩ জানুয়ারি হাইকোর্ট মির্জা ফখরুল ও আব্বাসের ছয় মাসের জামিন দেন এবং তাঁদের নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেন। পরদিন ৪ জানুয়ারি ওই জামিন আদেশ স্থগিত করতে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ফলে হাইকোর্ট থেকে জামিনের পরও আটকে যায় ফখরুল-আব্বাসের কারামুক্তি।
চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।